দীর্ঘ প্রায় নয় মাসের অপেক্ষার পর অবশেষে ঘোষণা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল। চূড়ান্ত বিচারকাজ শেষ হলেও এতদিন পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি বিভাগে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো-‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য। সেরা অভিনেত্রীর স্বীকৃতি এসেছে আইনুন পুতুলের ঝুলিতে, ‘সাঁতাও’ সিনেমায় তার অভিনয়ের জন্য।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ আজীবন সম্মাননা যৌথভাবে পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারও অর্জন করেছেন তিনি।
অভিনয়ের অন্যান্য বিভাগে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন)। খল অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং সেরা কৌতুক অভিনেতা হয়েছেন শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)।
শিশুশিল্পী বিভাগে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার জন্য সেরা শিশুশিল্পী হয়েছেন লিয়ন। একই সিনেমায় বিশেষ শাখায় পুরস্কার পেয়েছেন আরিফ হাসান আনাইয়া খান।
সংগীত বিভাগে সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)। সেরা গায়ক বালাম (প্রিয়তমা) এবং সেরা গায়িকা হয়েছেন অবন্তী দেব সিঁথি (সুড়ঙ্গ)। গীতিকার সোমেস্বর অলি ও সুরকার প্রিন্স মাহমুদ ‘ঈশ্বর’ গানের জন্য পুরস্কৃত হয়েছেন।
কারিগরি ও অন্যান্য বিভাগে সেরা নৃত্য পরিচালক হয়েছেন হাবিবুর রহমান (লাল শাড়ি)। সেরা কাহিনি ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্য নিয়ামুল মুক্তা (রক্তজবা) এবং সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
এ ছাড়া সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাতজন), সেরা শিল্পনির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা পোশাক ও সাজসজ্জা বিথী আফরিন (সুড়ঙ্গ) এবং সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও) নির্বাচিত হয়েছেন। সেরা মেকআপম্যানের পুরস্কার পেয়েছেন সবুজ (প্রিয়তমা)।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে চৈতালী সমদ্দার পরিচালিত ‘মরিয়ম’। আর সেরা প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এলিজা বিনতে এলাহীর নির্মাণ ‘লীলাবতি নাগ: দ্য রেবেল’।
কীওয়ার্ড:জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩,আফরান নিশো,সাঁতাও,তারেক মাসুদ