সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ আইনি লড়াই শেষে আন্তর্জাতিক আদালতে বড় সাফল্য পেল বাংলাদেশ। ২০০৫ সালের ওই দুর্ঘটনার জন্য কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড)–এর রায়ে বলা হয়েছে, ক্ষতিপূরণের অর্থ বাংলাদেশকে পরিশোধ করতে হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের পক্ষে এসেছে।
টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হলেও দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার পর ২০০৩ সালে অনুসন্ধান ও খননকাজের জন্য এটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খননকাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের পরিবেশ, স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়।
এ ঘটনার পর পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। ফলে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। একপর্যায়ে বাংলাদেশের আদালত নাইকোর সম্পদ বাজেয়াপ্ত ও চুক্তি বাতিলের নির্দেশ দিলেও নাইকো ইকসিডে মামলা করে।
পরবর্তীতে বাপেক্স নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে। চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, খননকাজ সম্পূর্ণভাবে নাইকোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল এবং আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের নিরাপত্তা মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণেই বিস্ফোরণ ঘটে। ফলে এই ক্ষতির জন্য নাইকো সরাসরি দায়ী।
এই রায়কে বাংলাদেশের জ্বালানি খাত ও আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
কীওয়ার্ড:টেংরাটিলা গ্যাসক্ষেত্র,নাইকো রিসোর্স,ইকসিড রায়,বাংলাদেশ ক্ষতিপূরণ