জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করে দেশের বাস্তবতা না জেনে রাজনীতি করতে চাওয়া নেতৃত্বের ওপর জনগণের ভরসা করা কঠিন। তিনি বলেন, ১৭ বছর লন্ডনে থাকার পর সরাসরি দেশের নেতৃত্ব দাবি না করে আগে বাস থেকে নেমে বাংলাদেশের অলিগলি ও রাস্তাঘাট হেঁটে দেখার প্রয়োজন রয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র সমালোচনার সুর ছিল।
তিনি বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তার ভাষায়, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে এসব নিপীড়ন চরম আকার ধারণ করে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত ১৭ মাসে ক্ষমতায় না থেকেও একটি রাজনৈতিক শক্তি জনগণকে প্রায় একই ধরনের ভোগান্তির মুখে ফেলেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, এনসিপি কোনো আকাশচুম্বী বক্তব্যনির্ভর দল নয়। তারা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব, যারা ভয় দেখিয়ে নয় বরং মানুষের ঘরে ঘরে গিয়ে ভোটের ম্যান্ডেট চান। জুলাই অভ্যুত্থানে দেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করার দাবিও করেন তিনি।
তিনি বলেন, “আমরা মাটি থেকে উঠে এসেছি। তাই মাটি ও মানুষের বাস্তব সমস্যাগুলো আমরা জানি এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানও আমাদের কাছে আছে। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করাই আমাদের রাজনীতি নয়।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
কীওয়ার্ডসঃএনসিপি,আসিফ মাহমুদ,কুমিল্লা নির্বাচন