ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হবে। এই ছুটি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ ছুটির আওতায় থাকবেন।
এদিকে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে করে ভোটের আগের দিন থেকেই শ্রমজীবী মানুষ নির্বিঘ্নে নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে আশা করছে সরকার।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক। নির্বাচনকালীন এই ছুটি ঘোষণাকে ভোটার উপস্থিতি বাড়ানো ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কীওয়ার্ডস:ত্রয়োদশ সংসদ নির্বাচন,নির্বাচনী ছুটি,গণভোট