ইউক্রেনে চলমান দীর্ঘ যুদ্ধের অবসান নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার ও শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্তগুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং দেশটির অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আবুধাবির বৈঠককে যুদ্ধ অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এটি ইউক্রেনের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। তবে এই ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করলেও যুদ্ধের অবসানকে একটি ধাপে ধাপে অগ্রসর হওয়া প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন। তিনি ইঙ্গিত দেন, আলোচনার পথ খোলা থাকলেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সময় লাগতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বর্তমানে কেবল একটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। দাভোসে এক আলোচনায় তিনি বলেন, উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে সংকট নিরসন সম্ভব।
উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেই সফরের পর মার্কিন প্রতিনিধিদল আবুধাবিতে যাবে, যেখানে ‘মিলিটারি-টু-মিলিটারি’ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বিস্তারিত আলোচনা এগিয়ে নেওয়া হবে।
দীর্ঘ তিন বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই ত্রিপক্ষীয় উদ্যোগ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।