আর মাত্র কয়েকদিন পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ, শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।
তবে জাতিসংঘ জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং কোনো বাধা ছাড়াই মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করবেন।
গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ মন্তব্য করেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জানতে চান-জুলাই বিপ্লবের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সে বিষয়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় জাতিসংঘের কোনো পরামর্শ রয়েছে কি না।
জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ নির্বাচন আয়োজনকে উৎসাহিত করে। একইসঙ্গে সংস্থাটির অবস্থান স্পষ্ট—নির্বাচনী প্রক্রিয়ায় এমন পরিবেশ থাকতে হবে, যেখানে সবাই নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে পারবেন।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ। এই দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আদো। তার সঙ্গে থাকবেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা।
কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি সহায়ক দলও এই মিশনে যুক্ত থাকবে, যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ। পর্যবেক্ষক দলের মূল দায়িত্ব হবে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কি না-সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা।
মিশন শেষে দলটি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসংবলিত প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে। পরবর্তীতে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ, কমনওয়েলথভুক্ত দেশগুলো এবং সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।
কীওয়ার্ডস:ত্রয়োদশ সংসদ নির্বাচন,জাতিসংঘ প্রতিক্রিয়া,কমনওয়েলথ পর্যবেক্ষক