বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসিক আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ডটি পরিবারের প্রধান নারীর নামে ইস্যু করা হবে, যাতে নারীর ক্ষমতায়ন ও পারিবারিক নিরাপত্তা আরও জোরদার হয়।
কার্ডের সুবিধা ব্যাখ্যা করে তিনি জানান, প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা নগদ সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। এর মাধ্যমে জীবনযাত্রার ব্যয় কমানো এবং নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ লাঘব করাই মূল লক্ষ্য।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেবে বিএনপি।
‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে তারেক রহমান তরুণদের প্রশ্ন শোনেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে তিনি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় যোগ দেন।