সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন জেলার ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। নির্বাচিত এসব প্রার্থী নির্ধারিত শর্তে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ কার্যক্রমের আওতায় গত ৯ জানুয়ারি একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদ দিয়ে দেশের ৬১ জেলায় এ পরীক্ষা গ্রহণ করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফল সাময়িক। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষার ফল যুক্ত করে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে। এই ফলের মাধ্যমে কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত হয় না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া ফলাফলের যেকোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করছে কর্তৃপক্ষ। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে।
মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কীওয়ার্ডসঃসহকারী শিক্ষক নিয়োগ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,লিখিত পরীক্ষার ফল