সোমবার, মে ২৫, ২০২৬

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের দাবিতে সাফ ‘না’ রাশিয়ার,দখলের পরিকল্পনা নেই বলে স্পষ্ট বার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২০ ২৩:০৬:২৬
ফাইল ছবি

গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচিত অবস্থানের প্রেক্ষাপটে এবার নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জানাল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল–সংক্রান্ত বক্তব্য প্রত্যাখ্যান করে মস্কো জানিয়েছে, এই স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে রাশিয়ার কোনো সামরিক বা রাজনৈতিক পরিকল্পনা নেই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ওয়াশিংটন খুব ভালোভাবেই জানে যে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে রাশিয়া বা চীনের কোনো আগ্রহ নেই। তার ভাষায়, “গ্রিনল্যান্ড আমাদের বিষয় নয়। এটি নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও নেই।”
গ্রিনল্যান্ড কিংবা আইসল্যান্ডের সঙ্গে সম্ভাব্য কোনো গোপন বা প্রকাশ্য সহযোগিতা চুক্তির গুঞ্জনও নাকচ করে দেন লাভরভ। তিনি জানান, রাশিয়া কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়াকে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন। একই ধরনের অভিযোগ চীনের ক্ষেত্রেও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খনিজ সম্পদসমৃদ্ধ গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের প্রভাব বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই যুক্তি দেখিয়েই তিনি ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনা বা প্রয়োজনে দখলের কথা বলেন। বিষয়টি নিয়ে ইউরোপীয় দেশ ও ন্যাটো জোটের সঙ্গেও ওয়াশিংটনের টানাপোড়েন তৈরি হয়।
লাভরভ গ্রিনল্যান্ড প্রসঙ্গকে ঔপনিবেশিক ইতিহাসের আলোকে ব্যাখ্যা করে বলেন, অঞ্চলটি দীর্ঘদিন নরওয়ে ও পরে ডেনমার্কের নিয়ন্ত্রণে ছিল। ঐতিহাসিক এই প্রেক্ষাপট বর্তমান ভূরাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

কীওয়ার্ডস:গ্রিনল্যান্ড ইস্যু,রাশিয়া-যুক্তরাষ্ট্র,সের্গেই লাভরভ

 


এ জাতীয় আরো খবর