সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের পরিসর আরও সংকুচিত হতে যাচ্ছে। দেশটির সরকার মার্কেটিং ও সেলস খাতে স্থানীয় নাগরিকদের নিয়োগ বাড়াতে নতুন সৌদিকরণ নীতি ঘোষণা করেছে। এর ফলে এসব খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য হারে সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে।
সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, তিনজন বা তার বেশি কর্মী রয়েছে-এমন সব মার্কেটিং ও সেলস প্রতিষ্ঠানে মোট জনবলের অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। সোমবার (১৯ জানুয়ারি) জারি করা এই সিদ্ধান্ত তিন মাস পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন নীতিমালায় সৌদি কর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। মার্কেটিং খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ব্যবস্থাপক, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ও অ্যাডভারটাইজিং ডিজাইনার এবং জনসংযোগ-সংশ্লিষ্ট পদগুলো এই বিধানের আওতায় পড়বে। বেসরকারি খাতের সব মার্কেটিং প্রতিষ্ঠানের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।
একইভাবে সেলস খাতেও সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদগুলোতে ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে সৌদি শ্রমবাজারকে আরও শক্তিশালী করা, বেকারত্ব কমানো এবং স্থানীয় নাগরিকদের জন্য টেকসই ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। তবে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব প্রবাসী কর্মীদের ওপর উল্লেখযোগ্যভাবে পড়তে পারে।
কীওয়ার্ডস:সৌদি সৌদিকরণ,প্রবাসী কর্মসংস্থান,মার্কেটিং সেলস