ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস ৯০ দিনের বেশি সময়ের ভিসা বা রেসিডেন্স পারমিট সংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দূতাবাস জানিয়েছে, তারা কোনো দেশের পক্ষ হয়ে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি কিংবা জাতীয় ভিসা আবেদন গ্রহণ বা প্রক্রিয়া করে না।
সোমবার (১৯ জানুয়ারি) #MigrationMonday উদ্যোগের আওতায় প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, তাদের কার্যক্রম কেবল শেনজেনভুক্ত স্বল্পমেয়াদি ভিসার মধ্যেই সীমাবদ্ধ। এই প্রক্রিয়ায় তারা সুইডেন ছাড়াও ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড ও স্লোভেনিয়ার পক্ষে আবেদন গ্রহণ করে থাকে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, কাজ, পড়াশোনা কিংবা স্থায়ীভাবে বসবাসের মতো দীর্ঘমেয়াদি উদ্দেশ্যে ভিসা নিতে হলে সংশ্লিষ্ট দেশের নিজস্ব দূতাবাস বা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা প্রয়োজন। এ বিষয়ে কোনো ধরনের মধ্যস্থতা বা ভুল তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে।
ভিসা আবেদনকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিভ্রান্তি দূর করতেই এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।
কীওয়ার্ডস:সুইডেন দূতাবাস,শেনজেন ভিসা,রেসিডেন্স পারমিট