ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই খসড়া হস্তান্তর করে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অধ্যাদেশটি দ্রুত সময়ের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেতে পারে। অনুমোদন মিললে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পথ আরও সুগম হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে একাধিক ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ, ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের পরামর্শ অন্তর্ভুক্ত ছিল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে সবার যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি কার্যকর ও টেকসই কাঠামো নির্ধারণ করাই ছিল বিভাগের প্রধান লক্ষ্য।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়-এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। কারণ, অস্থিতিশীল পরিস্থিতি এই দীর্ঘ প্রক্রিয়ার অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মতে, ধৈর্য, সহযোগিতা ও সুশৃঙ্খল সংস্কার কার্যক্রম বজায় থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
কী-ওয়ার্ডস:ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি,শিক্ষা মন্ত্রণালয়,বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ