সোমবার, আগস্ট ১৭, ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৫ ২১:৫৯:০৯
ছবি: সংগৃহীত।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর, ইউনিয়ন ও গ্রামে এই কর্মসূচি পালনের জন্য ইনকিলাব মঞ্চ আহ্বান জানাচ্ছে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সাধারণ মানুষকে রাজপথে নামার অনুরোধ জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো এই মামলাও যেন দীর্ঘসূত্রতায় না পড়ে। যদি বিচার প্রক্রিয়া গড়িমসি করা হয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে। তিনি জানান, আপাতত বিক্ষোভ মিছিল দিয়ে কর্মসূচি শুরু হলেও পরবর্তী সময়ে অবরোধ, যমুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এমনকি সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিও আসতে পারে।
হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে জাবের অভিযোগ করেন, রাষ্ট্রের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা ও সদিচ্ছার অভাব রয়েছে। তিনি জানান, সম্প্রতি দাখিল করা চার্জশিটের পর্যালোচনা শুনানিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নারাজি জানানো হয়েছে। তাদের দাবি, তদন্ত প্রতিবেদনে গুরুতর অসঙ্গতি রয়েছে।
তিনি বলেন, ডিবির তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে পাঁচটি টিম সক্রিয় ছিল এবং ২১ জন এই মিশনে যুক্ত ছিল। অথচ চার্জশিটে সব টিম ও সংশ্লিষ্টদের নাম নেই। প্রশ্ন তুলে তিনি বলেন, যারা ঘটনাস্থলে প্রস্তুত ছিল এবং পূর্বে হত্যাচেষ্টায় যুক্ত ছিল, তারা চার্জশিটের বাইরে কেন-এর জবাব রাষ্ট্রকে দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে এই হত্যাকাণ্ড রাষ্ট্র ও বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থাকে আরও দুর্বল করবে।
ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কী-ওয়ার্ডসঃ ওসমান হাদি,ইনকিলাব মঞ্চ,নতুন কর্মসূচি


এ জাতীয় আরো খবর