সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জাতীয় ক্রান্তিলগ্নে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণে গড়ে ওঠা বিএনসিসি ক্যাডেটরা শুধু ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর সম্ভাব্য সদস্যই নন, বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে তারা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।
গতকাল সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
সেনাপ্রধান তার বক্তব্যে বিএনসিসির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধে বলীয়ান একটি প্রজন্ম গড়ে তুলতে বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা ও জাতীয় নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, ক্যাডেট ও অতিথিরা উপস্থিত ছিলেন। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে এবারের কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
কী-ওয়ার্ডস:বিএনসিসি ক্যাডেট,সেনাবাহিনী প্রধান,জাতীয় নিরাপত্তা