চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে এক মানবপাচারকারী ও রাজমিস্ত্রীর কাজে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনাকালে ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। গত বুধবার(১৪ জানুয়ারী) রাত ১২টার দিকে বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা ৭র্টা দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মানবপাচারকারী ও বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন, ভারত যাওয়ার পরিকল্পনাকারী ও রংপুরের মিঠাপুকুর থানার সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে তারাজুল ইসলাম, রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়মারা আসাম কলোনীর মৃত বেলায়েত হোসনের ছেলে শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের র্শিবগঞ্জ থানার চাঁদপুর লহলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মিজানুর রহমান।
বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর ািবওপির একটি টহলদল আওতাধীন সীমান্তের শূণ্যরেখা থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার ভারত গমন পরিকল্পনাকারীরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, তাঁরা শাহিনের সহায়তায় রাজমিস্ত্রীর কাজে ভারতের চেন্নাই যাবার পরিকল্পনা করছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে অবৈধ যে কোন কার্যকলাপ রোধে সতর্ক রয়েছে বিজিবি বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।