বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার সুযোগ চিরতরে বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার ৩৬ হাজারের বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাই করা হবে। শুরুতে পাইলট প্রকল্প হিসেবে গাজীপুর, নরসিংদী ও ভোলা-এই তিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক তথ্য ও সনদ পরীক্ষা করা হবে।
এনটিআরসিএ’র সহকারী পরিচালক ফয়জার আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে জাল শিক্ষক নিবন্ধন সনদের বিষয়টি প্রকাশ পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে সারাদেশে যাচাই কার্যক্রম বিস্তৃত করা হবে।
এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, জাল নিবন্ধন সনদধারীদের বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। যাচাইয়ে যাদের সনদ জাল প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত ৭ জানুয়ারি এনটিআরসিএ’র সদস্য (পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানের সকল এমপিওভুক্ত শিক্ষকের তথ্য, শূন্য পদের বিবরণ, ২০২৫ সালের নভেম্বর মাসের এমপিও শিট এবং নিবন্ধন সনদের সত্যায়িত রঙিন কপি আগামী সাত কার্যদিবসের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে। এসব কাগজপত্র প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ প্রেরণ করতে হবে।
এনটিআরসিএ সতর্ক করে জানিয়েছে, তথ্য গোপন, দেরি বা সনদ টেম্পারিংয়ের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের তাদের আওতাধীন সব প্রতিষ্ঠানের তথ্য সময়মতো পাঠানো নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
কী-ওয়ার্ডস:জাল শিক্ষক সনদ,এমপিও শিক্ষক যাচাই,এনটিআরসিএ অভিযান