বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার কূটনৈতিক দায়িত্ব শুরু করবেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের প্রথম দুই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য ও আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।
এর আগে গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পরপরই ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাকে রাষ্ট্রদূত হিসেবে স্বাগত জানানো হয়।
কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ব্রেন্ট ক্রিস্টেনসেনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ আরও সক্রিয় হবে।
কী-ওয়ার্ডস:মার্কিন রাষ্ট্রদূত,ব্রেন্ট ক্রিস্টেনসেন,বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক