মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগে কঠোর নির্দেশনা ইসির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-০৯ ২৩:১০:৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ, তাদের দায়িত্ব-কর্তব্য এবং নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বৈঠক করতে হবে। এসব বৈঠকে প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্টদের জন্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী করণীয় ও দায়িত্ব স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনি ব্যয়ের সম্ভাব্য অর্থের উৎস, ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে দাখিল, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহার রোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটারদের মধ্য থেকে একজনকে নির্বাচনি এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারবেন। এ ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত লিখিত নোটিশ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে, যেখানে এজেন্টের নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানা উল্লেখ থাকতে হবে।
এ ছাড়া একই আইনের ২২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি ভোটকক্ষের জন্য ভোটগ্রহণের আগে একজন করে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট। এই নিয়োগের লিখিত নোটিশ সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের কাছে পাঠাতে হবে।
পরিপত্রে বলা হয়েছে, প্রিসাইডিং অফিসার তখনই কোনো পোলিং এজেন্টকে অনুমোদন দেবেন, যখন তিনি নিয়োগকারী ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রার্থীর নামসংবলিত বৈধ নিয়োগপত্র প্রদর্শন করবেন। একটি ভোটকক্ষের জন্য একজন প্রার্থী সর্বোচ্চ একজন পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন।

কী-ওয়ার্ডস:নির্বাচনি এজেন্ট,পোলিং এজেন্ট,নির্বাচন কমিশন


এ জাতীয় আরো খবর