বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

বাণিজ্য ঘাটতি কমানো ও শুল্ক হ্রাসে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল বাংলাদেশ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৯ ২১:৩৭:৫৭
ছবি: সংগৃহীত।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওয়াশিংটন ডিসিতে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। পরদিন শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাংলাদেশ বাস্তব পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এই প্রেক্ষাপটে বর্তমানে কার্যকর ২০ শতাংশ ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন ড. খলিলুর রহমান। এ বিষয়ে রাষ্ট্রদূত গ্রিয়ার ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি যেসব তৈরি পোশাকে মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহৃত হয়, সেগুলোর ওপর থেকে শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাবেও তিনি গুরুত্ব দেওয়ার কথা জানান।
বৈঠকে দ্রুত পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়নের লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়। ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের বাণিজ্য সম্প্রসারিত হলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।
এ সময় সাম্প্রতিক সময়ে মার্কিন ‘ভিসা বন্ড’-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশিদের ব্যবসায়িক ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি। একই সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন (ডিএফসি) তহবিল পাওয়ার অনুরোধ জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। মার্কিন পক্ষ থেকে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া শুক্রবার ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কী-ওয়ার্ডস:বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য,রেসিপ্রোকাল ট্যারিফ,ড. খলিলুর রহমান


এ জাতীয় আরো খবর