চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ানপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাবার পর ভারতীয় পুলিশের হাতে ২ বাংলাদেশী যুবক আটকের খবর পাওয়া গেছে। আটকরা হলেন নারায়নপুরের ৩ নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো.মোমিন(২৭) এবং একই গ্রামের হযরত আলী তেনুর ছেলে মো.খাইরুল(৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত সোমবার(৫জানুয়ারী) দিবাগত রাতে একদল বাংলাদেশী গরু চোরাকারবারী সীমান্তের পদ্মা নদী পর হয়ে ভারতে যাবার পর বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে প্রথমে ছত্রভঙ্গ হয়ে যান। এর মধ্যে তাঁদের দু’জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে আটক হন। অন্যরা নিরাপদে পালিয়ে আসেন। বুধবার(৭ জানুয়ারী) আটকদের ভারতের আদালতে পাঠায় সে দেশের পুলিশ। ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সব তথ্য জানা গেছে বলেও জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
বুধবার(৭ জানুয়ারী) বিকালে সং¤িøস্ট চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অর্ধিনায়ক লে.কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন,গত মঙ্গলবার(৬ জানুয়ারী) সকালে সীমান্ত সূত্রে বিজিবি ভারতে দুই বাংলাদেশী আটকের খবর পায়। এরপর কোম্পানী কমান্ডার পর্যায়ে ৭১ বিএসএফ ব্যাটালিয়নের বয়রাঘাট ক্যাম্পের সাথে যোগাযোগ করা হয়। এ সময় বিএসএফ জানায়,তারা কোন বাংলাদেশীকে আটক করে নি। তবে ভাগিরথী এলাকায় একদল গরু চোরাকারবারীকে ধাওয়ার পর তাঁরা পালিয়ে গেলে ৭টি গরু জব্দ করেছে।
এ ঘটনায় কেউ বিজিবির নিকট অভিযোগ করে নি বলেও জানান অধিনায়ক।
সংশ্লিস্ট নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ভারতের পুলিশ ওই দুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। একই কথা জানিয়েছেন সংশ্লিস্ট ৩ নং ইউপি ওয়ার্ড সদস্য ওমর আলী ও ২ নং ওয়ার্ড সদস্য রমজান আলী। ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক ও আদালতে পাঠানোর তথ্য জানা গেছে বলেও জানান তাঁরা।