বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • আমার সব কবিতা বিক্রি করে দেবো
  • ২০২৬-০১-০৬ ২৩:২৮:২০

আমার সব কবিতা বিক্রি করে দেবো
তবে অর্থের বিনিময়ে নয় -- টাকার মূল্য নেই আমার কাছে।
পৃথিবীতে ভালোবাসার মূল্যই সবচেয়ে বেশি
আমি সেই ভালোবাসার ভিখারি, আজন্ম কাঙাল।

তুমি কি জানো প্রতিটি কবিতা বুকের রক্ত থেকে জন্ম নেয় ?
লিখতে বসলেই অক্ষরগুলো কেঁপে ওঠে ঠিক আমার মতোই,
তোমাকে ভাবলেই চোখের জলে ভিজে যায় কাগজ।
এই যে এত শব্দ, ছন্দ, এত বিনিদ্র রাতজাগা 
সবই তো তোমার জন্য সহজ নিবেদন।

তবু তা কেউ শোনে না, কেউ বোঝে না
তাই আজ বলছি --
তুমি এসে আমার সব কবিতা নিয়ে নাও,
ভুলেও জিজ্ঞেস করবো না পরম যত্নে রাখবে নাকি ছিঁড়ে ফেলবে অবলীলায় 
অথবা হারিয়ে ফেলবে নিতান্ত অবহেলায়।
শুধু একবার একটু হাসি উপহার দিও
তোমার কাজল চোখে একটু ভালোবাসা রেখো।

আমি কবি, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসার ভিখারি
আমার কবিতাগুলো বিক্রি হবে শুধু ভালোবাসার বিনিময়ে।


এ জাতীয় আরো খবর