মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

প্রতীক না পাওয়া পর্যন্ত প্রচারণা নিষিদ্ধ,ইসির কড়া নির্দেশনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-০৫ ২২:১১:১৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ এই সময়ের মধ্যে প্রচারণায় অংশ নিতে পারবেন না।
সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা আইনত নিষিদ্ধ থাকবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের নির্ধারিত নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ইসি।
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে। নির্ধারিত সময়সীমার বাইরে প্রচারণা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

কী-ওয়ার্ডস: সংসদ নির্বাচন, প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচারণা

 


এ জাতীয় আরো খবর