মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে দেশ, শীত আরও বাড়ার আভাস

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-২৯ ১৮:৩৩:৩৩
ফাইল ছবি

পৌষের শেষ প্রান্তে এসে উত্তরাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় সারা দেশে তীব্র শীতের দাপট শুরু হয়েছে। এর প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শিশু, বয়স্ক ও খোলা আকাশের নিচে বসবাসকারীরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি কুয়াশাও আরও ঘন হতে পারে।
ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক, নৌপথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। নদী অববাহিকা এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌ চলাচলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে যানবাহন চালকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জের তাড়াশে ১১, কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ৩, কুমিল্লা ও যশোরে ১১ দশমিক ৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১ দশমিক ৮ এবং শ্রীমঙ্গল ও ডিমলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, দেশের কয়েকটি অঞ্চলে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীত আরও তীব্র আকার ধারণ করতে পারে। জানুয়ারিতে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
সোমবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা যোগাযোগ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
নতুন বছরের শুরুতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশা পুরোপুরি কাটতে সময় লাগতে পারে। এ পরিস্থিতিতে শীতজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের জন্য শীতবস্ত্র সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কী-ওয়ার্ডসঃতীব্র শীত,ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ


এ জাতীয় আরো খবর