বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জাতীয় নাগরিক পার্টিতে ভাঙন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবসহ একাধিক নেতার পদত্যাগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৮ ২২:৩৯:৩৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। একই সঙ্গে দলটির বিভিন্ন স্তরের আরও কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে, যা এনসিপির ভেতরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দলের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। কারা দলে থাকবেন বা থাকবেন না-এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপথকে সামনে রেখেই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় কেউ ভিন্নমত পোষণ করলে তা তাদের নিজস্ব অধিকার। তিনি আশা প্রকাশ করেন, এনসিপির সঙ্গে যুক্ত সকলেই এই পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে ভেতরে ভেতরে মতবিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে পদত্যাগকারী নেতারা আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দল হিসেবে এনসিপির সামনে সাংগঠনিক সংহতি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। শীর্ষ পর্যায়ের একাধিক নেতার পদত্যাগ ভবিষ্যতে দলটির রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমে কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

কী-ওয়ার্ডসঃজাতীয় নাগরিক পার্টি,এনসিপি পদত্যাগ,নাহিদ ইসলাম


এ জাতীয় আরো খবর