চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জর ৩টি সংসদীয় আসনের সবকটি থেকে রোববার(২৮ ডিসেম্বর) পর্যন্ত বিএনপি ও জামায়াতের ৬ প্রার্থী সহ ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রোববার চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থী শাহাজাহান মিঞা এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের (ইউএনও) নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,রোববার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ হয়েছে ৫টি, চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত ৪ জন সহ ১০টি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসন থেকে ৫টি। জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল বলেন,সোমবার(২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র তোলা এবং জমাদানের শেষ দিন।
এদিকে রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহাজাহান মিঞা সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জের ইউএনও আশিক আহমেদের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় জয়লাভের আশা ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমান দেশে আসার পর বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
অপরদিকে নাচোলের ইউএনও ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকরাী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সরদার বলেন,রোববার বিকালে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমিনুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবং সাবেক এমপি।