বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নির্বাসনের ইতি, গুলশান কার্যালয়ে প্রথম দিনেই দাপ্তরিক কাজে বসলেন তারেক রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৮ ১৬:০৫:৩৩
ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার তৃতীয় দিনেই বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজ শুরু করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ে প্রবেশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।
নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয়ের দ্বিতীয় তলায় তার জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে যান এবং সেখান থেকেই দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে গুলশান কার্যালয় চালু হলেও কারাবাস ও নির্বাসনের কারণে এর আগে কখনো সরাসরি সেখানে কাজ করা হয়নি তারেক রহমানের। ফলে এটিই গুলশান কার্যালয়ে তার প্রথম সশরীরে উপস্থিতি।
তার আগমনকে ঘিরে গুলশান কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিএনপি সূত্রে জানা গেছে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গুলশানে একটি পৃথক বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড পরিচালিত হবে।
দেশে ফেরার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে গণসংবর্ধনায় অংশ নেওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখেন। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে ভোটার নিবন্ধন, ছোট ভাই আরাফাত রহমান কোকোসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।
দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে উপস্থিতির মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

কী-ওয়ার্ডসঃতারেক রহমান,গুলশান কার্যালয়,বিএনপি


এ জাতীয় আরো খবর