লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, লন্ডন থেকে উড্ডয়নকারী ওই ফ্লাইটের বিষয়ে এয়ারপোর্ট কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে একটি হুমকিবার্তা পাঠানো হয়। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ওই বার্তায় বিমানে বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ করেন।
সোমবার হিথরো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়ার আগমুহূর্তে হুমকির তথ্য পাওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি নেয়। বিমানটি ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসারে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এদিকে একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরেকটি আন্তর্জাতিক ফ্লাইটেও হামলার হুমকির খবর আসে। ওই ফ্লাইটটিও নিরাপদে ভারতে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা সক্রিয় রয়েছে। সম্ভাব্য যেকোনো সন্ত্রাসী হুমকি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
কীওয়ার্ডসঃবোমা হামলার হুমকি,ব্রিটিশ এয়ারওয়েজ,হায়দ্রাবাদ বিমানবন্দর