বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি চীন ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকার চীন দূতাবাস এই তথ্য জানায়। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিসা আবেদনকে আরও দ্রুত ও সহজ করতেই সাময়িকভাবে এই শর্ত শিথিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে যারা স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে আর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে না।
তবে কিছু ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। ডি, জে-১, কিউ-১, এস-১, এক্স-১ এবং জেড ভিসার আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। কারণ এসব ভিসাধারীদের চীনে প্রবেশের পর আবাসিক অনুমতির জন্য আবেদন করা বাধ্যতামূলক।
চীনা দূতাবাসের এই সিদ্ধান্তে বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কীওয়ার্ডসঃচীন ভিসা,ফিঙ্গারপ্রিন্ট ছাড়,বাংলাদেশ-চীন