সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সৌদির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২৩ ০৯:৩০:৪৭
ছবি: সংগৃহীত।

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ অর্জন করেছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগ আইএসপিআরের বরাতে এই তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে গিয়ে ফিল্ড মার্শাল মুনির সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন পাকিস্তানের সেনাপ্রধানের হাতে। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এই সফরের মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সামরিক দায়িত্ব পালন, নেতৃত্বগুণ এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এই সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা গ্রহণের পর ফিল্ড মার্শাল মুনির সৌদি ক্রাউন প্রিন্স ও তাঁর নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তান একটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় পাশে থাকবে।
বিশ্লেষকদের মতে, এই সম্মাননা দুই দেশের প্রতিরক্ষা কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কীওয়ার্ডসঃসৌদি-পাকিস্তান সম্পর্ক,আসিম মুনির সম্মাননা,প্রতিরক্ষা কূটনীতি


এ জাতীয় আরো খবর