নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) কূটনৈতিক সূত্র জানায়, আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে। এতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এর আগে একই দিনে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনেও কনসুলার ও ভিসা সেবা স্থগিত করা হয়। দিল্লির হাইকমিশনের সামনেও একই ধরনের নোটিশ টানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ ডিসেম্বর) এবং পরদিন রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক বিক্ষোভ করেন। এ সময় তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেন এবং বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানান।
এই প্রেক্ষাপটে কূটনৈতিক স্থাপনা ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কীওয়ার্ডসঃবাংলাদেশ হাইকমিশন,কনসুলার সেবা স্থগিত,আগরতলা সহকারী হাইকমিশন