মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ১৯ নতুন বসতির অনুমোদন,আন্তর্জাতিক মহলে উদ্বেগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২২ ১০:২৮:১১
ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন, যা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোতরিচ জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে এ প্রস্তাব উত্থাপন করেন এবং গতকাল তা অনুমোদন পায়। তার ভাষায়, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, স্মোতরিচ নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন ইসরায়েলি বসতিস্থাপনকারী।
ইসরায়েলের এ সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই অধিকৃত পশ্চিম তীরে বসতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত তিন বছরে এই তৎপরতা আরও জোরদার হয়েছে। নতুন করে ১৯টি বসতি অনুমোদনের ফলে পশ্চিম তীরে ইসরায়েলি উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি মানবাধিকার সংগঠন পিস নাও-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে প্রায় ১৬০টি অবৈধ ইসরায়েলি বসতি রয়েছে, যেখানে প্রায় সাত লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করছেন। মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকে আরও দূরে ঠেলে দিচ্ছে।

কীওয়ার্ডসঃপশ্চিম তীর,ইসরায়েল বসতি,ফিলিস্তিন রাষ্ট্র


এ জাতীয় আরো খবর