শনিবার, মে ৩০, ২০২৬

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অবৈধ অভিবাসী আটক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১৮ ১০:১১:২৩
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত পৃথক দুটি সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন)। জোহর বাহরু ও নেগেরি সেম্বিলান রাজ্যে এই অভিযানগুলো পরিচালিত হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকার একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে বৈধ কাগজপত্র ও কাজের অনুমতি ছাড়া কর্মরত ৩৫৬ জন বিদেশিকে আটক করা হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহায়তায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও দ্রুত সব বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তারা ব্যর্থ হয়। তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে।
যাচাইয়ে দেখা গেছে, আটক ৩৫৬ জনের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।
অন্যদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। এদের সবাই বাংলাদেশি নাগরিক।
রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অভিযানে ২৬ জন জেআইএম কর্মকর্তা অংশ নেন। মোট ১১৭ জনকে যাচাই-বাছাই করে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশিকে বিভিন্ন অভিবাসন আইনের অপরাধে আটক করা হয়।
এ অভিযানে সেরেমবান সিটি কাউন্সিলের ১৯ জন সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ জন কর্মকর্তা অংশ নেন। দুপুর ১টা ৩০ মিনিটে অভিযান শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কী-ওয়ার্ডস:মালয়েশিয়া ইমিগ্রেশন,অবৈধ অভিবাসী,বাংলাদেশি প্রবাসী


এ জাতীয় আরো খবর