সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মেক্সিকোর কংগ্রেসে নজিরবিহীন হট্টগোল,নারী আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১৭ ২১:৪৯:২৬
ছবি: সংগৃহীত।

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হঠাৎ করে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি ও চুলোচুলিতে জড়িয়ে পড়েন, যা মুহূর্তেই অধিবেশনকে বিশৃঙ্খল করে তোলে।
কক্ষের ভেতরে ধারণ করা ফুটেজে দেখা যায়, ডানপন্থী বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) এবং ক্ষমতাসীন বামঘেঁষা মোরেনা পার্টির নারী আইনপ্রণেতাদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পিএএনের প্রতিনিধিরা অধিবেশনকক্ষের পোডিয়াম ছাড়তে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এর জেরে মোরেনা দলের সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
ভিডিওতে দেখা যায়, এক নারী আইনপ্রণেতা অপর এক সদস্যের হাত ধরে টান দিলে পাল্টা প্রতিক্রিয়ায় কনুই দিয়ে আঘাত করা হয়। পরে চুল ধরে টানাটানির মধ্য দিয়ে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি শান্ত করতে এক পুরুষ আইনপ্রণেতা এগিয়ে এলেও ততক্ষণে আরও কয়েকজন সংসদ সদস্য পোডিয়ামের দিকে দৌড়ে আসেন এবং কক্ষজুড়ে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অন্য সদস্যরা মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করতে থাকেন।
সংবাদমাধ্যম জানায়, একটি প্রস্তাবিত আইনের বিরোধিতায় পিএএনের আইনপ্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। পরবর্তী সময়ে উভয় পক্ষের চিৎকার-চেঁচামেচির মধ্যে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি।
ঘটনার পর দুই দলই একে অপরকে সহিংসতার জন্য দায়ী করেছে। পিএএনের মুখপাত্র আন্দ্রেস আতায়দে দাবি করেন, তাদের অবস্থান ছিল শান্তিপূর্ণ এবং কাউকে স্পর্শ করা হয়নি; বরং ক্ষমতাসীন দল বলপ্রয়োগের চেষ্টা করেছে। অন্যদিকে, মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া অভিযোগ করেন, বিরোধী দল আলোচনার পথ ছেড়ে সহিংসতা বেছে নিচ্ছে, যা সংসদীয় সংস্কৃতির জন্য উদ্বেগজনক।

কী-ওয়ার্ডস:মেক্সিকো কংগ্রেস,আইনপ্রণেতা সংঘর্ষ,পিএএন মোরেনা


এ জাতীয় আরো খবর