বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

আজ থেকে ভৈরবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা শুরু

  • মোঃ আলাল উদ্দিন।
  • ২০২৫-১২-১৫ ২১:৩৭:২৬

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ভৈরবে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং ভৈরবের বেসরকারি স্কুলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬৩টি বেসরকারি বিদ্যালয়ের মোট ৫৩৩ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও ব্লু-বার্ড স্কুলের নির্বাহী পরিচালক মোঃ সুমন মোল্লা এ প্রতিবেদককে জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় বিকল্প হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ভৈরবের সকল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ একাধিক সভার মাধ্যমে ঐকমত্যে পৌঁছান। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, পরীক্ষাটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৯ ডিসেম্বর ভৈরবের ৫০টি বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে একটি ব্যবস্থাপনা কর্মশালা আয়োজন করা হয়।
পরীক্ষার প্রথম দিনে ভৈরব শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক অভিভাবক অত্যন্ত আনন্দচিত্তে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও প্রশংসনীয়, যা বিগত বিভিন্ন পাবলিক পরীক্ষার তুলনায় আরও উন্নত বলে প্রতীয়মান হয়।


এ জাতীয় আরো খবর