চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪টি বিদেশী পিস্তল (আমেরকিান), ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। অপর অভিযানে শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় তারতীয় ৪ হাজার ৭২০ পিস টেনসিউইন ট্যাবলেট ও সম্প্রতি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, সোমবার (১৫ডিসেম্বর) সকালে পিস্তল,গুলি এবং সোমবার ভোররাতে মাদকদ্রব্য জব্দ হয়।
সোমবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বলেন,গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকেকে গুলি করার পর বিজিবি সীমান্তে ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোষ্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এই ধারাবাহিকতায় দূস্কৃতিকারীরা বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বেশ কিছু অস্ত্র প্রবেশের পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। এ প্রেক্ষিতে উর্ধতণ কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার সকাল ৯টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতের মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ গোপালপুর নামক স্থনে একটি বিশেষ অভিযান চালায় বিজিবি। এসময় দু’জন মোটরসাইকেল আরোহিকে দুর থেকে থামার সংকেত দিলে তাঁরা সড়কে বাঁক নিয়ে দ্রæত পালিয়ে যাবার সময় মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে টহল দল ব্যাগটি তল্লাশী করে চারটি বিদেশী (আমেরিকান) পিস্তল, চব্বিশ রাউন্ড গুলি ও নয়টি ম্যাগজিন জব্দ করে।
অধিনায়ক আরও বলেন, দূস্কৃতিকারীরা দেশের ভেতের বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্য অবৈধ পথে অস্ত্র,গুলি আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবি এ প্রচেষ্টা ও দূস্কৃতিকারীদের অনুপ্রবেশ রোধে সীমান্তে সার্বিক তৎপরতা বৃদ্ধি করেছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১৮২ হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের ভেতের শাহাবজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪৭২০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৪৮ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।