শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের জানান, অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া সরাসরি উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অনন্য ও চিরস্মরণীয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, ভবিষ্যতে তা বাস্তবায়িত হবে। সব ধরনের চক্রান্ত উপেক্ষা করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি তার রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কীওয়ার্ডঃশহীদ বুদ্ধিজীবী দিবস,বিএনপি শ্রদ্ধা,গণতন্ত্র