বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ,গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৪ ১০:১০:৩৯
ফাইল ছবি

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ চিন্তাবিদ ও মেধাবী সন্তানদের। আজ রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হচ্ছে সেই শহীদ বুদ্ধিজীবীদের।
মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও গবেষকদের টার্গেট করে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞে পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী।
১৪ ডিসেম্বর রাতে বুদ্ধিজীবীদের নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে চোখ ও হাত বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়। স্বাধীনতার পর রায়েরবাজার, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমি থেকে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়, যা ইতিহাসের এক নৃশংস অধ্যায়ের সাক্ষ্য বহন করে।
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন অধ্যাপক মুনির চৌধুরী, ড. আলীম চৌধুরী, ড. ফজলে রাব্বী, শহীদুল্লাহ কায়সার, সিরাজুদ্দীন হোসেন, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক জিসি দেব, সেলিনা পারভীনসহ আরও অনেক গুণীজন। তাঁদের আত্মত্যাগ বাঙালি জাতির চেতনাকে চিরকাল আলোকিত করে রাখবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। দিনটি উপলক্ষে দেশজুড়ে দোয়া, আলোচনা সভা ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি নতুন করে অঙ্গীকার করছে-সব ধরনের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের।

কীওয়ার্ড:শহীদ বুদ্ধিজীবী দিবস,১৪ ডিসেম্বর ১৯৭১,মুক্তিযুদ্ধ ইতিহাস


এ জাতীয় আরো খবর