মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সাগাইংয়ে চায়ের দোকানে বিমান হামলা,এক ধ্বংসাত্মক হামলায় নিহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৬ ২২:৪৪:০২
ছবি: সংগৃহীত।

মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি ব্যস্ত চায়ের দোকানে বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাবাইং টাউনশিপে পরপর দুটি বোমা হামলা চালানো হয়। এর একটি সোজা আঘাত হানে স্থানীয়দের জড়ো হয়ে আড্ডা ও খেলা দেখার জনপ্রিয় চায়ের দোকানটিতে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও অন্তত ১১ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ২০ জনের বেশি।
উদ্ধারকর্মীরা জানান, হামলার ১৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু দোকানটি ও আশপাশের প্রায় ডজনখানেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
একজন জীবিত বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, তিনি তখন দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। হঠাৎ বিমানের শব্দ শুনে মাটিতে পড়ে যান। তার বর্ণনায়, বিস্ফোরণের শব্দ ছিল “অসম্ভব প্রচণ্ড”, আর মাথার ওপর “আগুনের বিশাল গোলা” দেখা যায়।
হামলার বিষয়ে জান্তা সরকারের কোনো প্রতিনিধির মন্তব্য পাওয়া যায়নি। শনিবার নিহতদের জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, অনেকের মুখ চিনতে না পারায় তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মে মাসে সাগাইং অঞ্চলে জান্তার আরেক বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২০ জনই ছিলেন শিশু।

 


এ জাতীয় আরো খবর