মঙ্গলবার, মে ২৬, ২০২৬

রাশিয়া-ইউক্রেন সংঘাতে নতুন অগ্রগতির দাবি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৫ ২২:৪৬:২৮
ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধের মাঠে নতুন অগ্রগতির দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভোস্টক বাহিনীর একটি ইউনিট ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের চেরভোন নামের একটি গুরুত্বপূর্ণ বসতি দখলে নিয়েছে। তবে কিয়েভ এখনো এই দাবি স্বীকার করেনি।
সম্প্রতি পোকরোভস্ক শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছিল মস্কো। কিন্তু ইউক্রেন পাল্টা দাবি করে বলে, শহরের উত্তরাংশ এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থায় রুশ বাহিনী নতুন ভিডিও প্রকাশ করে নিজেদের দাবি পুনর্ব্যক্ত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খেরসন, দোনেৎস্ক ও ক্রমাতোরস্কে বিমান, কামান ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো।
জবাবে ইউক্রেন রাতে ব্যাপক ড্রোন হামলা চালায়। রাশিয়ার দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। কৃষ্ণসাগরে ইউক্রেনের নৌড্রোন হামলার আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ করা হয়েছে।
এদিকে যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের শান্তি-প্রস্তাব প্রত্যাখ্যানের খবর ক্রেমলিন অস্বীকার করেছে। রাশিয়া বলেছে, সংলাপের দরজা এখনো খোলা রয়েছে।
এদিকে ভিলনিয়াসে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য চার বিলিয়ন ডলারের বেশি সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি সম্পূর্ণ শূন্যে নামানোর সিদ্ধান্তও জানিয়েছে।

কীওয়ার্ড:
ইউক্রেন যুদ্ধ
রাশিয়ার দাবি
ন্যাটো সহায়তা

 

 


এ জাতীয় আরো খবর