রবিবার, মে ৩১, ২০২৬

বাবরি মসজিদের আদলে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর কাল,বেলডাঙায় নজিরবিহীন আয়োজন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৫ ২২:১৬:২৯
ফাইল ছবি

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শনিবার (৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে নির্মিতব্য নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশাল আয়োজনে সাজানো এই অনুষ্ঠানের প্রায় সব প্রস্তুতিই শেষ হয়েছে।
মুর্শিদাবাদের মরাদিঘি এলাকায় প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানান, ৪০ হাজার অতিথির জন্য সাতটি ক্যাটারিং প্রতিষ্ঠানের মাধ্যমে শাহি বিরিয়ানি রান্না হচ্ছে। স্থানীয় আরও প্রায় ২০ হাজার মানুষের জন্য অতিরিক্ত খাবারের আয়োজন রয়েছে। শুধু খাবারেই ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
অনুষ্ঠানের মূল মঞ্চও আকর্ষণের কেন্দ্র-১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া এই মঞ্চ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা। ৪০০ বিশেষ অতিথির জন্য আলাদা আসন ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় থাকবেন প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক। হুমায়ুন কবির দাবি করেছেন, অনুষ্ঠানে প্রায় ৩ লাখ মানুষ জমায়েত হতে পারে এবং সম্পূর্ণ আয়োজনটি বিস্তৃত হবে প্রায় ২৫ বিঘা জমিতে।
বড় আয়োজন ঘিরে প্রশাসনও সতর্ক অবস্থানে আছে। ১২ নম্বর জাতীয় সড়কে যানজটের আশঙ্কা থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুলিশ ও প্রশাসন ভরাট প্রস্তুতি নিয়েছে। প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে। প্রশাসনের প্রধান লক্ষ্য-জাতীয় সড়ক সচল রাখা।
অনুষ্ঠানে সকাল ৮টা থেকে অতিথিরা আসতে শুরু করবেন। সৌদি আরবের দু’ক্কারী বিশেষ কনভয়ে মঞ্চে পৌঁছাবেন হুমায়ুন কবির। সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা, দুপুর ১২টায় মূল ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুর ২টার মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করা হবে। বিকেল ৪টার মধ্যে সব আয়োজন গুটিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে।

কীওয়ার্ডঃ
বেলডাঙা মসজিদ
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান
হুমায়ুন কবির


এ জাতীয় আরো খবর