ঠেলাগাড়ি টানতে টানতে ক্লান্ত আমি দাঁড়িয়ে গেছি --
কারো করুণার পাত্র হতে চাইনি।
কিন্ত আজ যখন দুটো পা কেড়ে নিলো ঘাতক ট্রাক,
কী আর করা ! রাস্তায় চলার বৈধতা তো ওদেরই,
রায় হলো ন্যায়ের পক্ষে, আমি দাঁড়ালাম রাজপথে।
একজন ঠেলাগাড়ি ওয়ালার আর কী চাওয়ার থাকতে পারে !
যাদের ক্ষুধা থাকতে নেই, থাকতে নেই সন্তানের চিন্তা,
সাধআহ্লাদ বা বেঁচে থাকার প্রত্যাশা।
এদের সেবা নেয়া যাবে কিন্তু দেয়া যাবে না,
নিয়ম তো তা-ই বলে।
তবুও মাঝে মাঝে মনটা আনন্দে ভরে ওঠে কখনো কখনো
চেনা মুখের কেউ কেউ কুশল শুধায় মাথায় হাত রেখে।
চোখ বেয়ে নামে নোনা জল,
আমি এক অসহায় ঠেলাগাড়ি ওয়ালা --
প্রার্থনা করি করজোড়ে
মানুষের দুঃখকষ্ট অনুভব করার মতো একটি মন দাও
তোমার সৃষ্টির সেরা জীবকে ,
নইলে ব্যর্থ হয়ে যাবে তোমার সৃষ্টির মাহাত্ম্য।