নারীহত্যা ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সোমবার প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরও এ ধারা কমেনি; বরং প্রতি ১০ মিনিটে বিশ্বের কোথাও একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে প্রাণ হারিয়েছেন। নারী নির্যাতন দমনে সচেতনতা ও আইন-প্রয়োগে অগ্রগতি না হওয়ার বিষয়টি গভীর হতাশার সঙ্গে উল্লেখ করেছে সংস্থাটি।
জাতিসংঘ নারী সংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের যৌথ বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৪ সালে প্রায় ৫০ হাজার নারীকে হত্যা করা হয়েছে তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের দ্বারা। এ সংখ্যা বৈশ্বিক নারীহত্যার নীরব বিপর্যয়কে আবারও সামনে নিয়ে এসেছে।
প্রতিবেদন অনুসারে, বিশ্বে নিহত মোট নারী হত্যার ৬০ শতাংশ ঘটে পরিবারের ভেতরেই-যেখানে ঘনিষ্ঠ সঙ্গী, বাবা, ভাই, কিংবা অন্যান্য আত্মীয়ই হয়ে উঠেছে প্রধান অপরাধী। তুলনায় পুরুষ হত্যার ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ, যা নারীর ওপর সহিংসতার অস্বাভাবিক উচ্চ প্রবণতাকে স্পষ্ট করে।
বিশ্বের ১১৭টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতিদিন ১৩৭ জন নারী, অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন নারী পারিবারিক বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতায় প্রাণ হারান। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় সামান্য কম হলেও বিশেষজ্ঞদের মতে এটি কোনো উন্নতির ইঙ্গিত নয়। বিভিন্ন দেশের তথ্য সরবরাহে ভিন্নতা থাকায় এ সামান্য পার্থক্য দেখা গেছে বলে প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়।
গবেষণা জোর দিয়ে বলছে, নারী নির্যাতনজনিত হত্যাকাণ্ডের হার কমানোর মতো কোনো ইতিবাচক পরিবর্তন এখনো দৃশ্যমান নয়। এমনকি ঘর—যা নিরাপত্তার প্রতীক হওয়ার কথা-সেটাই অনেক নারী ও মেয়েদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নারীহত্যা রোধে পরিবারভিত্তিক সহিংসতা শনাক্ত ও প্রতিরোধে শক্তিশালী নীতি, দ্রুত বিচার, সামাজিক সচেতনতা এবং ভুক্তভোগীকে সুরক্ষার ব্যবস্থা জোরদার করা ছাড়া সামনে এগোনোর কোনো উপায় নেই।
কীওয়ার্ডঃ নারীহত্যা,জাতিসংঘ প্রতিবেদন,লিঙ্গভিত্তিক সহিংসতা