যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় থামছে না ইসরাইলের হামলা। সোমবার (২৪ নভেম্বর) তেল আবিব পরিচালিত সর্বশেষ বোমাবর্ষণে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। একদিন পর মঙ্গলবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে একই পরিবারের ৮ সদস্যের মরদেহ। দীর্ঘদিনের আগ্রাসনে ইতোমধ্যেই শরণার্থী শিবিরগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
এদিকে, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের সর্বশেষ গবেষণায় গাজায় চলমান মানবিক বিপর্যয়ের আরও ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। গবেষণা অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি সামরিক অভিযানে গাজায় 'এক লাখেরও বেশি মানুষ নিহত' হয়েছেন।
গবেষণা প্রকল্পের সহনেতা ইরিনা চেন বলেন, “আমরা প্রকৃত মৃতের সংখ্যা কখনোই জানতে পারব না। আমরা যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান তৈরির চেষ্টা করছি।”
তাদের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজায় ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন মানুষ নিহত হয়েছেন। এতে মধ্যবর্তী বা গড় সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৬৯ জন।
এই বিশ্লেষণ তৈরিতে গবেষকরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, একটি স্বাধীন পরিবারভিত্তিক জরিপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া মৃত্যুসংবাদ-সবগুলোই ব্যবহার করেছেন। গবেষণাটি গাজায় বাস্তব পরিস্থিতির গভীরতা ও মানবিক সংকটের কঠোর বাস্তবতা আবারও প্রকাশ করেছে।
কীওয়ার্ডস: গাজা হামলা, ইসরাইল আগ্রাসন, মৃত্যুর পরিসংখ্যান