হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের ছয় পাইলট নিহত
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৮-৩১ ১০:৪২:২৭
- Print
বুধবার (৩০শে আগস্ট) এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বাখমুতে অভিযান চালাতে গিয়ে দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের ছয় পাইলট নিহত হয়েছে। মঙ্গলবার বাখমুতের পূর্ব দিকে এমআই-৮ হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের ছয় সেনা রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় নিহত হয়েছেন।’ তবে কী কারণে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়েছে তা জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিহত সবাই পাইলট ছিলেন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।
জোড়া হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত করা হচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি এগুলোটি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।
এর কয়েকদিন আগে দুই বিমানের সংঘর্ষে নিহত হয় তিন ইউক্রেনীয় বৈমানিক। এক সপ্তাহের মধ্যে পরপর দুই দুর্ঘটনা ঘটলো রাশিয়ার সাথে যুদ্ধরত দেশটিতে।