সোমবার, মে ২৫, ২০২৬

ভেনেজুয়েলার আকাশপথে ঝুঁকি বৃদ্ধি, সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্রের এফএএ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২২ ০৯:৫৪:২৩
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলাকে ঘিরে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাণিজ্যিক বিমানের জন্য সব উচ্চতায় ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার নতুন নির্দেশনা জারি করে সংস্থাটি বড় এয়ারলাইনগুলোকে সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানানো হয়, ভেনেজুয়েলার আকাশসীমায় বাড়তি সামরিক তৎপরতা ও অস্থিতিশীল পরিবেশের কারণে বাণিজ্যিক বিমান যে কোন সময় জটিল পরিস্থিতিতে পড়তে পারে। অঞ্চলটিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন থাকায় উত্তেজনা আরও বেড়েছে।
২০১৯ সাল থেকে ভেনেজুয়েলায় সরাসরি মার্কিন যাত্রী ও কার্গো ফ্লাইট বন্ধ রয়েছে। তবে দক্ষিণ আমেরিকার কিছু রুটে বেশ কিছু মার্কিন এয়ারলাইন এখনো ভেনেজুয়েলার আকাশপথ ব্যবহার করে। নতুন সতর্কতার পর আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, তারা ইতোমধ্যে এই আকাশসীমা এড়িয়ে চলা শুরু করেছে। ডেল্টা বলেছে, তারা বহু আগেই ওই রুট বাদ দিয়েছে। ইউনাইটেড এখনো কোনো মন্তব্য দেয়নি।
এফএএর নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভেনেজুয়েলার ওপর দিয়ে কোনো মার্কিন এয়ারলাইনের ফ্লাইট পরিচালনা করতে হলে অন্তত ৭২ ঘণ্টা আগে সংস্থাটিকে অবহিত করতে হবে। তবে এটি সরাসরি ফ্লাইট নিষিদ্ধ করা নয়, বরং ঝুঁকি কমানোর উদ্যোগ।
সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলায় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে (জিএনএসএস) হস্তক্ষেপ বেড়েছে, যা কখনো কখনো পুরো ফ্লাইটব্যাপী প্রভাব ফেলছে। পাশাপাশি দেশটিতে সামরিক প্রস্তুতি বাড়ানোর দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গেছে। এফএএ জানায়, ভেনেজুয়েলার উন্নতমানের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি–এয়ারক্রাফট ব্যবস্থা বাণিজ্যিক ফ্লাইটের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

কীওয়ার্ডস:ভেনেজুয়েলা আকাশসীমা,এফএএ সতর্কতা,বিমান নিরাপত্তা


এ জাতীয় আরো খবর