সোমবার, মে ২৫, ২০২৬

ঢাকার ভূমিকম্পে হতাহতদের প্রতি জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২১ ২২:২০:০৭

ঢাকা ও আশপাশের জেলাগুলোতে শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র। দুপক্ষই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছে।
জাতিসঙ্ঘের বাংলাদেশ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, হঠাৎ সৃষ্ট এই দুর্যোগে যাঁরা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করছে জাতিসঙ্ঘ। সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজন হলে তারা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও পৃথক বার্তায় ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানায়। তারা জানায়, মানবিক ক্ষয়ক্ষতির এ মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ কয়েকটি জেলায় অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ছয়জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস পরে জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করছে।

কীওয়ার্ডস:ভূমিকম্প, সমবেদনা, জাতিসঙ্ঘ


এ জাতীয় আরো খবর