চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নবযোগদানকৃত জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ বলেছেন,সামনে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই নির্বাচনকে সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে সংশ্লিস্ট সবকিছু সম্পন্ন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টার নির্দেশনাতেই মাঠ প্রশাসনে সকল কাজ করা হচ্ছে। তবে তফসিল ঘোষণা হলেই মূল কাজ শুরু হবে। নির্বাচন কমিশনের অধীনেই শুরু হবে পুরো কর্মযজ্ঞ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, এবারের নির্বাচন অন্য সকল নির্বাচনের মত নয়। এবার এমন একটি নির্বাচন করতে হবে যা স্মরণীয় এবং উৎসবমূখর হবে। তিনি বলেন,রাজনীতিবিদদের বক্তব্য একেবারে তাঁদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে প্রশাসনের কিছু করার নেই। তবে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে। তফসিল ঘোষণার পর আচরণ বিধিমালা অবশ্যই মেনে চলতে হবে। নির্বাচনে নিরাপত্তার বিষয়টি অবশ্যই গুরুত্ব দেয়া হবে।
জেলা প্রশাসক সাংবাদিকদের নিকট থেকে স্থানীয় বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সম্ভাবনার কথা শুনেন এবং এ ব্যাপারে প্রশাসনের যা কিছু করা সম্ভব তা করা হবে বলেও আশ^াস দেন। মতবিনিময়কালে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(ডিডি) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার ও রুমানা আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আনিসুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।