মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

জাহান সৈয়দ মিনা

  • ঝ রা পা ল কে র চি হ্ন
  • ২০২৫-১১-১৭ ২২:৫৬:৫১

এই নীরব প্রভাতে আজ এ কি হলো?
হেমন্তে কেন আজ তুষারের ঝড় বয়ে গেল?
ঘুম ভেঙ্গে জানালার পর্দা টা সরাতে না সরাতে,
এ যে দেখি শুভ্র তুষার ছেয়ে আছে ধরাতে।
বিস্ময়ে অবাক আমি চেয়ে চেয়ে দেখি,
তুষারের শুভ্র চাদরে প্রকৃতি গিয়েছে ঢাকি।
বৃক্ষ শাখায় পল্লব রাশি এখনো তো যায়নি ঝরে,
পাখিরা ও যে ফেরেনি উষ্ণ ভূমির নতুন নীড়ে।
সুখ নিদ্রার আবেশে মগন ছিলেম হেমন্ত রাতে,
জেগে উঠেছি হীম ঝরা এক শীতের প্রাতে।
বলেনি তো বিদায়, রঙিন পাতা ঝরা দিন গুলো,
তবু শুভ্র চাদরে তুষার ওদের আড়াল করে দিল।
সব রঙ ঢেকে দিলো ঐ বরফের আচ্ছাদন,
প্রকৃতির এ কেমন তামাশা এ কেমন বিনোদন?
রঙের নেশায় ছিলেম বিভোল দুচোখে ছিল রঙিন আলো,
তবে কেন তুষার বিধবা বেশে সামনে এসে দাঁড়ালো?
দিবানিশি অবিরাম অঝোরে ঝরেছে তুষার,
গুলবাগিচার ফুল গুলিতে অযাচিত অভিসার।
সইতে না পেরে নেতিয়ে পড়েছে ফুলগুলি সেই অনন্য,
হিমানীর গায়ে রেখে গেছে পাখিরা ঝরা পালকের চিহ্ন।


ওকভীল অন্টারিও কানাডা

 


এ জাতীয় আরো খবর