বিহার বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্য নিয়ে আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নীতীশ কুমার। টানা দুই দশক ক্ষমতায় থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তায় ভাটা না পড়ে বরং আরও বেড়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের নির্বাচনে একতরফা জয়ের মাধ্যমে স্পষ্ট ম্যান্ডেট পেয়েছে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটগণনা শেষ হয় রাতেই। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী ২৪৩ সদস্যের বিধানসভায় ২৪২টি আসনের ফল জানা যায়। এর মধ্যে ২০২টিতে জয় পেয়েছে এনডিএ জোট এবং মাত্র ৩৫টি আসনে জিতেছে কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন।
এনডিএর প্রধান শরিক বিজেপি পেয়েছে ৮৯টি আসন। নীতীশ কুমারের জেডিইউ ৮৫টি আসন পেয়ে জোটের দ্বিতীয় বৃহৎ শক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে। এছাড়া চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি আসন এবং জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।
ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিকে ‘এক্স–ফ্যাক্টর’ হিসেবে আলোচনা করা হলেও দলটি একটি আসনেও জয় পায়নি। বিপরীতে ‘ডার্ক হর্স’ হয়ে উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির মিম, যারা ৫টি আসনে জয় পেয়েছে।
এনডিএর জয়ের পর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করেছে, কিন্তু বিহারের নারী ও তরুণরা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে বিহারের বিজয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির জন্য নতুন পথ তৈরি করবে।
নীতীশ কুমারের দশমবারের মতো ক্ষমতায় ফেরা বিহারের রাজনীতিতে স্থিতি ও অভিজ্ঞ নেতৃত্বের পুনরায় প্রত্যাবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
কীওয়ার্ডঃ বিহার নির্বাচন,এনডিএ জয়,নীতীশ কুমার