প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিয়েছেন, যা নির্বাচনকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনেছে।
নুরের দাবি, এখন সরকারের অবস্থান স্পষ্ট-নির্বাচন নির্ধারিত সময়েই হবে। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অযথা বিভাজন তৈরি হলে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই ফেব্রুয়ারির নির্বাচনে সব দলের একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। নুর আরও বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বর্তমান বাস্তবতায় সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান।
জুলাই সনদকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতির ভিত্তি হিসেবে উল্লেখ করে নুর জানান, গণঅধিকার পরিষদ সনদের পক্ষে ভোট চাইবে এবং গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানায়। তার ভাষায়, প্রধান উপদেষ্টা সব পক্ষের দাবি বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন।
এ সময় নুরুল হক নুর ঘোষণা দেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ।
কীওয়ার্ডঃ জাতীয় নির্বাচন,জুলাই সনদ,নুরুল হক নুর